দিল্লিতে শব্দ ও হৈচৈয়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালেন মণিপুরের জনপ্রিয় গিটারিস্ট ও সংগীত শিক্ষক বিক্রম সিং চংথম। ৫৪ বছর বয়সী এই শিল্পীকে একদল লোক তাড়া করে ভবনের তৃতীয় তলায় নিয়ে গিয়ে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ-পূর্ব দিল্লির কিলোকরি গ্রামের ভাড়া বাসার নিচে আবর্জনা ফেলতে যান বিক্রম সিং চংথম। এ সময় কাছের দুটি ধাবার কয়েকজন কর্মীকে চিৎকার ও হৈচৈ করতে দেখে তিনি আপত্তি জানান।

এ নিয়ে তাদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয় বলে জানা গেছে। পরে চংথম বাড়ির দিকে দৌড়ে গেলে ওই ব্যক্তিরা তাকে ধাওয়া করে ভবনের তৃতীয় তলায় নিয়ে যান এবং সেখানে মারধর করে পালিয়ে যান বলে স্থানীয়দের বরাতে জানা গেছে।

পরিবারের সদস্যরা গুরুতর আহত চংথমকে ওখলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত নজরদারি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আটজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে।

বিক্রম সিং চংথম গত ১৭ বছর ধরে দিল্লিতে ব্যক্তিগত সংগীত শিক্ষক হিসেবে কাজ করছিলেন। স্ত্রী জোশনা চংথম ও ২০ বছর বয়সী ছেলে ইয়াইফাবা চংথমকে নিয়ে দিল্লিতে বসবাস করতেন তিনি।

ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে সোমবার সন্ধ্যায় কিলোকরিতে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ১০০ মানুষ মোমবাতি মিছিল করেন।

এদিকে সাবেক মণিপুর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দিল্লি পুলিশকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।