সান দিয়েগো কমিক-কনে বৃহস্পতিবার (২৩ জুলাই) মার্ভেল ভক্তদের জন্য অপেক্ষা করছিল এক দারুণ চমক। বহু প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ চলচ্চিত্রের মূল খলনায়ক ‘ডক্টর ডুম’-এর অফিসিয়াল পোশাক ও বর্ম সরাসরি ভক্তদের সামনে এনেছে মার্ভেল স্টুডিও। মূল চরিত্রের পাশাপাশি সিনেমায় দৃশ্যমান তিন ল্যাটভেরিয়ান ডাইনির সবুজ, হলুদ ও বেগুনি রঙের বিশেষ পোশাকও এই আয়োজনে প্রদর্শন করা হয়।

প্রকাশিত বর্মটির বেশ কিছু অনন্য ডিটেইলস নজর কেড়েছে ভক্তদের। এর মধ্যে ডুমের বাম হাতে পেঁচানো এক টুকরো কাপড় নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন; অনুমিত হচ্ছে, হয়তো হারিয়ে যাওয়া কোনো প্রিয়জনের স্মৃতি ধারণ করেই এই চরিত্রটির ব্যাকস্টোরি তৈরি করা হয়েছে। অর্থাৎ, থানোসের মতো ডক্টর ডুমকেও কেবল শক্তির প্রদর্শন নয়, বরং কিছুটা আবেগঘন প্রেক্ষাপটে দর্শকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে মার্ভেল।

এছাড়া ডুমের বুকের বর্মে থর ও ক্যাপ্টেন মার্ভেলের শক্তির নানা প্রতীক খোদাই করা দেখা গেছে, যা স্পষ্ট করে যে গ্যালাক্সির সেরা সুপারহিরোদের প্রতিহত করতেই বিশেষ কৌশলে বর্মটি বানানো। ট্রেলারে ইতিমধ্যে থরের শক্তিশালী কুড়াল ‘স্টর্মব্রেকার’ দুই আঙুলে আটকে দেওয়ার যে দৃশ্য দেখা গেছে, তার সঙ্গে বর্মের জাদুকরী নকশাগুলোর মিল রয়েছে। ডক্টর ডুম মূলত এমন এক খলচরিত্র, যার এক হাতে বিজ্ঞানের চূড়ান্ত প্রযুক্তি আর অন্য হাতে জাদুর শক্তি।

সব মিলিয়ে আইকনিক মেটাল মাস্ক আর ক্ষমতার এই রহস্যময় রূপ নিয়ে মার্ভেল ইউনিভার্সের নতুন এই শক্তিশালী ভিলেন সুপারহিরোদের সামনে ঠিক কতটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন, তা পর্দায় দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে সিনেমা অনুরাগীরা।