চলতি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সৈকত নাসিরের বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র গল্পকে রূপালি পর্দায় নিয়ে এসেছেন এই নির্মাতা। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। মুক্তির পর গত দুই সপ্তাহ ধরে ছবিটি শুধুমাত্র দেশের মাল্টিপ্লেক্সগুলোতেই সীমাবদ্ধ ছিল।

তবে এবার আরও বড় পরিসরে সাধারণ দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ছে ‘মাসুদ রানা’। আজ থেকে দেশের মোট ৩২টি সিনেমা হলে একযোগে একচেটিয়া চলছে ছবিটি। খবরটি নিশ্চিত করে নির্মাতা সৈকত নাসির সামাজিক মাধ্যমে হলের তালিকাও প্রকাশ করেছেন। সেই তালিকায় দেখা গেল, ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমা হলের পাশাপাশি ঢাকার বাইরে যশোরের মণিহার, পাবনার রূপকথা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মম ইন, বরিশালের অভিরুচি, খুলনার সংগীতার মতো নামী ও বড় বড় সিঙ্গেল স্ক্রিনগুলোতেও মুক্তি পেয়েছে ছবিটি।

এদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন এক দারুণ খবর। তিনি জানান, ঈদের শেষ মুহূর্তে সময় স্বল্পতার কারণে ছবিটির কিছু টেকনিক্যাল বিষয়ে সামান্য অসঙ্গতি থেকে গিয়েছিল। মাল্টিপ্লেক্সের পর এই সপ্তাহে হল মুক্তির আগে সেগুলো সুন্দরভাবে সংস্কার ও সংশোধন করে নেওয়া হয়েছে। তাই নতুন করে যারা এখন হলে গিয়ে ছবিটি দেখবেন, তারা আগের চেয়ে বেশ আলাদা ও দারুণ এক অভিজ্ঞতা পাবেন।

এই অ্যাকশন থ্রিলার সিনেমায় রাসেল রানার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা পূজা চেরী। তাকে দেখা যাবে জনপ্রিয় ‘সোহানা’ চরিত্রে। আর ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তৌহিদা হক তিথী। এছাড়া সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, টাইগার রবি, মাসুম বাশার, জেবা জান্নাতসহ একঝাঁক চেনা মুখ।