সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালককে আটক করেছে বনানী থানা-পুলিশ। তবে দীর্ঘ এক মাস নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ গাড়ি ও চালককে গ্রেপ্তার এবং তড়িঘড়ি করে আদালতে চালান দেওয়া নিয়ে পুলিশের ভূমিকা ও তদন্তের স্বচ্ছতা নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। 

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে ঢাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি মেঘলা মুক্তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মুখে ও মাথায় মারাত্মক আঘাত পেয়ে প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১ সেপ্টেম্বর নতুন করে অভিযোগ দেওয়া হলে পুলিশ ৩ সেপ্টেম্বর রাতে গাড়ি ও চালককে আটকের খবর জানায়। কিন্তু আটকের পরদিনই (৪ সেপ্টেম্বর) সকালে এত দ্রুত গাড়ি আদালতে চালান করে দেওয়ায় ঘটনাটিতে রহস্য দেখছেন মেঘলা।

সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে মেঘলা প্রশ্ন তোলেন, এক মাসে যে কাজ হলো না, তা হঠাৎ এক দিনে কীভাবে সম্পন্ন হলো এবং পুলিশ কেন এত দ্রুত সিদ্ধান্ত নিল। গাড়িটির আসল মালিক কে এবং কোনো প্রভাবশালী মহলকে আড়াল করতে পুলিশ দায় এড়িয়ে যাচ্ছে কি না সে বিষয়ে প্রশাসনের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন এই অভিনেত্রী।