সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্কের মধ্যে মুখ খুলেছেন ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের শিল্পী ও ডিফারেন্ট টাচ ব্যান্ডের প্রধান ভোকাল মেজবাহ রহমান। তাঁর মতে, ভিডিওটিতে নেতিবাচক বা অনৈতিক কিছু নেই। তাই এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত হবে না।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেজবাহ রহমান বলেন, ‘এটি একটি চিরন্তন বর্ষার গান। ১৯৮৯ সালে গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এর আবেদন কমেনি। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এটি বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে, এটিও সময়েরই একটি প্রকাশ।’
ফেঞ্চুগঞ্জের স্কুলশিক্ষিকা বিউটি পাল এই গান ব্যবহার করে একটি রিল প্রকাশ করার পর তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। পরে তাঁর সহকর্মীসহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক একই গান ব্যবহার করে রিল তৈরি করে তাঁর প্রতি সংহতি জানান। এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘শিক্ষকদের প্রতি আমাদের সবসময়ই শ্রদ্ধা রয়েছে। তবে এই ভিডিওতে আমি নেতিবাচক কিছু দেখিনি। একটি শ্রেণি কী কারণে এটিকে বিতর্কিত করছে, সেটি আমার বোধগম্য নয়।’
মেজবাহ রহমান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের জীবনেরই একটি অংশ। তাই কোনো একটি বিষয়কে একপাক্ষিকভাবে বিচার না করে সহনশীল দৃষ্টিভঙ্গি থেকে দেখা প্রয়োজন। এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।