মাত্র ২২ বছর বয়সেই দুই সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী মিলি ববি ব্রাউন। ২১ বছর বয়সে কন্যাসন্তান দত্তক নেওয়ার পর এবার স্বামী জেক বনজোভির সঙ্গে পরিবারে এক পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন ‘স্ট্রেঞ্জার থিংস’খ্যাত এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাতের ছোট্ট হাতের ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন মিলি। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘হাই, ছোট্ট বন্ধু!’ তবে ছবির আরেকটি বিষয়ও নেটিজেনদের নজর কেড়েছে। মিলির আঙুলে দেখা গেছে ‘মম’ লেখা একটি বিশেষ আংটি।
২২ বছর বয়সী মিলি ও ২৪ বছর বয়সী জেক ২০২৫ সালের আগস্টে প্রথমবারের মতো কন্যাসন্তান দত্তক নেন। এবার পুত্রসন্তানকে পরিবারে গ্রহণ করার মধ্য দিয়ে চার সদস্যের সংসার গড়ে উঠল তাদের।
ব্যক্তিগত জীবন বরাবরই অনেকটা আড়ালে রাখতে পছন্দ করেন মিলি ও জেক। নিজেদের সম্পর্ক কিংবা পারিবারিক জীবনের খুব বেশি কিছু প্রকাশ্যে আনেন না তারা। তাই নতুন সন্তানের আগমনের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ প্রকাশ করায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।
মিলি ও জেকের সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ২০২১ সালে। তিন বছর পর, ২০২৪ সালে বিয়ে করেন তারা। এরপর চলতি বছরের জুনে কাইলি কেলসির পডকাস্ট ‘নট গনা লাই’-তে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে মিলি জানিয়েছিলেন, তিনি ভবিষ্যতে আরও সন্তান দত্তক নিতে চান।
অভিনেত্রী জানান, সমাজকর্মী হওয়ার লক্ষ্যে পড়াশোনার সময়ই সন্তান দত্তক নেওয়ার আইনি ও সামাজিক প্রক্রিয়া সম্পর্কে জেনেছিলেন তিনি। সন্তান দত্তক নেওয়া তার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বলেও জানিয়েছিলেন মিলি।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ ইলেভেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান মিলি ববি ব্রাউন। অল্প বয়সেই অভিনয়ে সাফল্যের পাশাপাশি পারিশ্রমিক নিয়েও আলোচনায় আসেন তিনি। বর্তমানে ব্রিটিশ চলচ্চিত্র অঙ্গনের অন্যতম পরিচিত তারকা মিলি।
তাকে সর্বশেষ দেখা গেছে ‘এনোলা হোমস ৩’ সিনেমায়। অভিনয়ের পাশাপাশি এবার দুই সন্তানের মা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।