ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি ফল বাগানে কাটানো কিছু ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে মিমিকে দেখা গেছে একেবারে স্বাভাবিক ও মেকআপহীন লুকে। প্রকৃতির সান্নিধ্যে কাটানো সেই মুহূর্তগুলোতে তার সহজ-সরল উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে জীবন নিয়ে ইতিবাচক এক বার্তা দিয়েছেন মিমি। তিনি লিখেছেন, ‘জীবনটা নিজের মতো করে নিতে হয়, শিখেছি এটা, সত্যি বলছি। কে কী করল, কে কী বলল তা না ভেবে, যেমনই হোক নিজের মতো করে আনন্দে চললে সব ভালো হতে বাধ্য। কারণ জীবন তো একটাই।’
শেয়ার করা ছবিতে সবুজে ঘেরা একটি ফল বাগানে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। কালো রঙের স্লিভলেস টপস ও ট্রাউজার পরে গাছের জামরুল ছুঁয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে সাদা টি-শার্ট পরে এক থোকা কাঁচা লেবু চোখের সামনে ধরে সেলফি তুলতে দেখা যায় তাকে।
এছাড়া আরও একটি ছবিতে বাগানের কাঠের রেলিং ও বাঁশের খুঁটির পাশে বসে খোশমেজাজে সময় কাটাতে দেখা গেছে মিমিকে। প্রকৃতির মাঝে তার এই সহজ-সাবলীল উপস্থিতি এবং জীবন নিয়ে ইতিবাচক ভাবনা সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।