জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং নীলাঞ্জনা নীলা অভিনীত ভিন্নধর্মী নাটক ‘বইপোকা’ দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। তরুণ নির্মাতা রাজ্জাক রাজ পরিচালিত এই নাটকটি গত ১ মে এটিএন বাংলায় এবং ২ মে ইউটিউব চ্যানেল ‘বিন্দু ভিশন’-এ অবমুক্ত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে। সমসাময়িক সমাজের নৈতিক অবক্ষয় রোধে বই পড়ার গুরুত্ব এবং একটি সুস্থ ধারার সমাজ গঠনের বার্তা নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে হাসান জহির (মোশাররফ করিম) চরিত্রটিকে কেন্দ্র করে, যিনি শহরের বিলাসবহুল জীবন ও বড় অংকের বেতনের চাকরি ছেড়ে দিয়ে স্ত্রী মনীষাকে (নীলাঞ্জনা নীলা) নিয়ে গ্রামে চলে আসেন। গ্রামে এসে তিনি কৃষিকাজের পাশাপাশি মানুষকে বই পড়াতে উদ্বুদ্ধ করেন। যৌতুকলোভী, দুর্নীতিবাজ মেম্বার, এমনকি নেশাগ্রস্ত তরুণদেরও তিনি জ্ঞানের আলোয় ফেরাতে চান। নিজের জমি বিক্রি করে গ্রামে লাইব্রেরি স্থাপনের স্বপ্ন দেখেন হাসান। কিন্তু তাঁর এই মহৎ কাজ গ্রামের কতিপয় পথভ্রষ্ট মানুষের চক্ষুশূল হয়ে দাঁড়ায়। তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে মারধরও করা হয়। হাসানের এই সংগ্রামের চূড়ান্ত পরিণতি নিয়েই এগিয়েছে নাটকের কাহিনী।

গাজীপুরের পূবাইলের মনোরম লোকেশনে চিত্রায়িত এই নাটকটি লিখেছেন আল আমিন স্বপন। এতে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা ছাড়াও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, মুকুল সিরাজ, সাবিনা রনিসহ আরও অনেকে। পরিচালক রাজ্জাক রাজ এই নাটকটি নির্মাণের ক্ষেত্রে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।