দেশের টেলিভিশনের ইতিহাসে অন্যতম আলোচিত রাজনৈতিক বিদ্রূপধর্মী ও কমেডি ঘরানার ধারাবাহিক নাটক মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ধারাবাহিকটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এর ১৭ বছর পর ২০২৪ সালে এর সিক্যুয়েল ‘৮৪০’ নিয়ে আসেন এই নির্মাতা, যা বেশ জনপ্রিয়তা পায়। এবার দর্শক ও ভক্তদের মাঝে নতুন গুঞ্জন উসকে দিয়ে সিরিজটির তৃতীয় কিস্তির ইঙ্গিত দিলেন ফারুকী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৪২০’-এর মুখ্য অভিনেতা মোশাররফ করিম-এর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। শুটিং ফ্লোরের মতো লাগা ওই ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’ তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকেই স্পষ্ট যে, ‘৮৪০’-এর পর এবার ‘১৬৮০’ শিরোনামে নতুন কিছু নিয়ে মোশাররফ করিমকে সঙ্গে নিয়ে ফিরছেন তিনি। তবে এটি ঠিক কোন ফরম্যাটে আসছে, তা নিয়ে এখনো রহস্য বজায় রেখেছেন নির্মাতা।