২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে প্রথম দেখা যায় অ্যালেন স্বপন চরিত্রটি। দর্শকপ্রিয়তা পাওয়ায় পরের বছর নির্মাতা শিহাব শাহীন চরিত্রটিকে নিয়ে তৈরি করেন স্পিন-অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। নাসির উদ্দিন খানের অভিনয়ে চরিত্রটি আরও জনপ্রিয়তা পায়। গত বছর মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার নির্মিত হচ্ছে তৃতীয় সিজন।

প্রথম দুই সিজনে নাসির উদ্দিন খানের সঙ্গে শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে নতুন সিজনে থাকছেন না তিনি। তাঁর পরিবর্তে যুক্ত হচ্ছেন সাদিয়া জাহান প্রভা। অ্যালেন স্বপন চরিত্রে যথারীতি ফিরছেন নাসির উদ্দিন খান।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন মিথিলা। গত অক্টোবরে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও করছেন। মূলত এসব ব্যস্ততার কারণে নতুন সিজনে যুক্ত হতে পারেননি এই অভিনেত্রী। জানা গেছে, তাঁর জন্য শেষ পর্যন্ত অপেক্ষাও করেছিল সিরিজটির টিম।

ইতিমধ্যে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং। এ মাসের শেষ দিকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে প্রভার। পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি কাজ শেষ হবে। সিরিজটিতে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। নতুন সিজনের গল্পের প্রেক্ষাপট হবে ঢাকা শহরকেন্দ্রিক।

সব ঠিক থাকলে আগামী বছর ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।