হিজাব পরে ড্রামস বাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া নাজিয়া সামান্তা সম্প্রতি ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে তাহেরী আলোচনায় থাকতে চেয়েছেন। তবে ব্যক্তিগতভাবে তাহেরীকে পছন্দ করেন এবং তার ওয়াজ শুনতে ভালো লাগে বলেও মন্তব্য করেছেন সামান্তা।

এক ভিডিও বক্তব্যে সামান্তা জানান, এর আগে একবার তাহেরীর সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়েছিল। সে সময় তাহেরী তার পড়াশোনা ও পেশা সম্পর্কে জানতে চাইলে তিনি সংগীতচর্চার বিষয়টি উল্লেখ করেন। সামান্তার দাবি, তখন তাহেরী তার সংগীতচর্চা নিয়ে কোনো আপত্তি জানাননি; বরং নিয়মিত নামাজ আদায়ের পরামর্শ দিয়েছিলেন।

সামান্তা বলেন, “তিনি আমাকে বলেছিলেন নামাজ নিয়মিত পড়তে। আমি যে মিউজিক করি, সেটি শুনেও কোনো নেতিবাচক মন্তব্য করেননি। এখন ওয়াজে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলছেন, যা চাইলে তখনই ব্যক্তিগতভাবে বলতে পারতেন।”

তিনি আরও দাবি করেন, সেই সময় তিনি বোরকা পরতেন না এবং হজও করেননি। সাক্ষাতের সময় তার মাথায় ওড়না থাকলেও সঙ্গে থাকা এক আত্মীয়ের মাথায় ওড়না ছিল না। এ বিষয়েও তাহেরী কোনো মন্তব্য করেননি বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে সামান্তা বলেন, মত প্রকাশের অধিকার সবারই রয়েছে। তবে তার মতে, সামাজিক মাধ্যমে সমালোচনার বিষয় না বানিয়ে সরাসরি সাক্ষাতের সময়ই এসব মতামত জানানো যেত।

এ সময় তিনি অভিযোগ করেন, তার নাম উল্লেখ করে আলোচনা করার মাধ্যমে জনপ্রিয়তা বা আলোচনায় থাকার চেষ্টা করা হয়েছে।

তবে সমালোচনার মধ্যেও তাহেরীর প্রতি ইতিবাচক মনোভাবের কথা তুলে ধরেন সামান্তা। তিনি বলেন, “ব্যক্তিগতভাবে তাহেরী হুজুরকে আমার ভালো লাগে। তার ওয়াজ শুনতে ভালো লাগে এবং তিনি একজন মজার মানুষ।”

উল্লেখ্য, সম্প্রতি এক ওয়াজে সামান্তাকে নিয়ে করা তাহেরীর মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্যকে কেন্দ্র করে অনুসারীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।