অভিনেতা নিলয় আলমগীরের মেয়ে রুশদা মাইমানাহর বয়স এক বছর পূর্ণ হয়েছে। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো তার মুখ প্রকাশ করেছেন এই অভিনেতা। একই সঙ্গে মেয়ের সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণ কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
মেয়ের জন্মদিনে আবেগঘন একটি বার্তা দিয়েছেন নিলয়। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট রাজকন্যা রুশদা আজ এক বছর পূর্ণ করল।’ মেয়ের বিশেষ এই দিনে মহান আল্লাহর কাছে তার জন্য বিশেষ প্রার্থনাও করেছেন অভিনেতা।
রুশদার সুস্থতা, অফুরন্ত আনন্দ, সুন্দর ও পবিত্র মন এবং সুন্দর জীবন কামনা করেছেন নিলয়। পাশাপাশি সব ধরনের অনিষ্ট থেকে মেয়েকে রক্ষা করে কল্যাণের পথে পরিচালিত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি। বার্তার শেষে মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমিন।’
গত বছরের ২৭ নভেম্বর নিলয় আলমগীর ও তাসনুভা তাবাসসুম দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান। মেয়ের নাম রাখা হয় রুশদা মাইমানাহ। সে সময় নবজাতককে কোলে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন নিলয়। তবে এবারই প্রথম মেয়ের মুখ প্রকাশ করলেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন নিলয় আলমগীর ও তাসনুভা তাবাসসুম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে।