ব্রিটিশ অভিনেতা ও নির্মাতা নোয়েল ক্লার্কের বিরুদ্ধে যৌন নিপীড়ন, ভয়ারিজম ও অশালীন আচরণের একাধিক অভিযোগ আনা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) এসব ঘটনায় অভিনেতাকে অভিযুক্ত করার অনুমতি দিয়েছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ থেকে ২০১৬ সালের মধ্যে পশ্চিম লন্ডনের কেনসিংটনে পৃথক পাঁচ নারীর সঙ্গে এসব অপরাধ সংঘটিত করার অভিযোগ উঠেছে নোয়েল ক্লার্কের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দুই দফা যৌন নিপীড়ন, তিন দফা ভয়ারিজম এবং একবার অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ‘ডক্টর হু’ ও ‘কিডাল্টহুড’খ্যাত অভিনেতা।
সিপিএস জানিয়েছে, মামলাটি আদালতে তোলার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে কি না এবং বিষয়টি জনস্বার্থের অনুকূলে কি না, তা যাচাই করেই প্রসিকিউটররা সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গোয়েন্দাদের প্রায় এক বছর ধরে চলা তদন্তের ধারাবাহিকতায় এসব অভিযোগ সামনে আসে। তদন্তের অংশ হিসেবে গত বছরের ২৫ সেপ্টেম্বর প্রথম একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী সময়ে তদন্তে সংগৃহীত প্রমাণ ও নথিপত্র সিপিএসের কাছে হস্তান্তর করা হলে নোয়েল ক্লার্কের বিরুদ্ধে অভিযোগ আনার অনুমোদন দেওয়া হয়।
আগামী ২১ অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টায় ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির হওয়ার কথা রয়েছে নোয়েল ক্লার্কের।
মামলার তদন্ত করছেন ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট মাইক ক্যাগনি। তিনি জানান, ঘটনায় জড়িত নারীদের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। যৌন নিপীড়নের শিকার হয়েছেন এমন যে কাউকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে ‘ডক্টর হু’ সিরিজে মিকি স্মিথ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান নোয়েল ক্লার্ক। পরবর্তী সময়ে অভিনেতার পাশাপাশি লেখক, প্রযোজক ও নির্মাতা হিসেবেও কাজ করেছেন তিনি।