মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বল্প বাজেটে নির্মিত হরর ছবি Obsession। মাত্র কয়েক কোটি টাকার বাজেটে নির্মিত এই সিনেমা এখন বক্স অফিসে রীতিমতো ইতিহাস গড়ছে।
ভ্যারাইটির তথ্য অনুযায়ী, ছবিটির বিশ্বব্যাপী আয় ইতোমধ্যে ২০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। শুধু উত্তর আমেরিকাতেই আয় দাঁড়িয়েছে প্রায় ১৬১ মিলিয়ন ডলার। মুক্তির কয়েক সপ্তাহ পরেও সিনেমাটির আয় ধারাবাহিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে, যা হরর ঘরানার জন্য বিরল ঘটনা।
১৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই সিনেমাটি একের পর এক রেকর্ড ভাঙতে থাকে। চতুর্থ সপ্তাহে আয় মাত্র ৭ শতাংশ কমে যায়, যা এই ঘরানার ছবির ক্ষেত্রে ব্যতিক্রমী সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর আগে এই ধরনের স্থিতিশীল পারফরম্যান্স দেখা গিয়েছিল ‘দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট’-এর মতো ক্লাসিক ছবিতে।
ছবিটির নির্মাতা ক্যারি বারকার মূলত ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পরিচিত ছিলেন। মাত্র ৮০০ ডলারের একটি শর্টফিল্ম দিয়েই তিনি আলোচনায় আসেন। পরবর্তীতে তার নির্মিত ‘অবসেশন’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিবাচক সাড়া পায় এবং পরে ফোকাস ফিচারস ছবিটির স্বত্ব কিনে নেয়।
গল্পে দেখা যায়, একাকী এক কর্মচারী তার ভালোবাসা পেতে অতিপ্রাকৃত শক্তির সাহায্য নেয়, যা ধীরে ধীরে ভয়ংকর পরিণতির দিকে এগিয়ে যায়। ভালোবাসা, আসক্তি ও নিয়ন্ত্রণের অন্ধকার দিক নিয়ে নির্মিত এই গল্প দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভারতের বাজারেও সিনেমাটি ভালো সাড়া ফেলেছে। মুক্তির দুই সপ্তাহের মধ্যেই প্রায় ৪৭ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। বড় কোনো তারকা ছাড়াই শুধু গল্প ও নির্মাণশৈলীর জোরেই এই সাফল্য অর্জন করেছে ছবিটি।