নাটকের জন্য নির্মিত একটি প্রজেক্টকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তির উদ্যোগকে ঘিরে নতুন বিতর্কে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’কে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানি অভিযোগ করেন, কাজটি মূলত যুক্তরাষ্ট্রে একটি নাটক হিসেবে চিত্রায়িত হয়েছিল। পরে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের কথা বলা হলেও এখন সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নেওয়া হয়েছে যা তাকে বিস্মিত করেছে।
তিনি বলেন, কোনো লিখিত চুক্তি বা সম্মতি ছাড়া মৌসুমীর কাজকে কীভাবে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়, তা গ্রহণযোগ্য নয়। একজন পেশাদার শিল্পীর কাজ নিয়ে এমন সিদ্ধান্তকে তিনি “খামখেয়ালি” উল্লেখ করে এর বিরুদ্ধে জোর প্রতিবাদ জানান এবং সিনেমা হিসেবে মুক্তি বন্ধের দাবি তোলেন।
ভিডিও বার্তায় মৌসুমীর একটি ভয়েস রেকর্ডও প্রকাশ করা হয়। সেখানে তিনি জানান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত এক ঘণ্টার একটি নাটকের গল্প ছিল এবং নির্মাতার অনুরোধে অতিরিক্ত সময় দিয়ে কাজটি শেষ করেছিলেন। টেলিফিল্ম হিসেবে প্রচারের জন্য তিনি মৌখিক সম্মতি দিয়েছিলেন বলেও উল্লেখ করেন।
অভিযোগ আরও গুরুতর করে মৌসুমী বলেন, সিনেমা হিসেবে মুক্তির জন্য প্রয়োজনীয় ডাবিংসহ কারিগরি কাজ সম্পন্ন করা হয়নি। এমনকি চলচ্চিত্রের জন্য যে পারিশ্রমিক পাওয়ার কথা, তাও তাকে দেওয়া হয়নি। একটি নাটককে টেনে সিনেমা বানানোর এই প্রচেষ্টাকে তিনি ইন্ডাস্ট্রির জন্য অশুভ সংকেত হিসেবে দেখছেন।
সব মিলিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ইস্যুটি এখন চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে বিশেষ করে শিল্পীর সম্মতি, চুক্তি এবং কাজের ধরন পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে এনে দিয়েছে।