বিশ্বজুড়ে অ্যানিমে ও মাঙ্গাপ্রেমীদের কাছে জনপ্রিয় নাম ‘ওয়ান পিস’। জাপানি মাঙ্গা শিল্পী এইচিরো ওদার সৃষ্টি এই সিরিজটি ১৯৯৯ সালে টেলিভিশনে প্রচার শুরু করে। এরপর ২৬ বছরের বেশি সময় ধরে সাপ্তাহিক ধারাবাহিক হিসেবে প্রচারিত হয়েছে এটি। তবে দীর্ঘদিনের সেই নিয়মে পরিবর্তন এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান তোয়েই অ্যানিমেশন। ২০২৬ সাল থেকে সাপ্তাহিক সম্প্রচারের পরিবর্তে সিজনাল ফরম্যাটে প্রচারিত হচ্ছে সিরিজটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর সর্বোচ্চ ২৬টি পর্ব প্রকাশ করা হবে। অ্যানিমেশনের মান উন্নত করা, অ্যাকশন দৃশ্যে সিনেমাটিক আবহ তৈরি এবং নির্মাণের চাপ কমানোর লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে ‘এগহেড’ আর্ক শেষ হওয়ার পর ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিরতিতে ছিল সিরিজটি।
তিন মাসের বিরতি শেষে এপ্রিল মাসে শুরু হয় বহুল প্রতীক্ষিত ‘এলবাফ’ আর্ক। ‘ফাইনাল সাগা’র গুরুত্বপূর্ণ এই অংশে মাঙ্কি ডি. লুফি ও তার স্ট্র হ্যাট পাইরেটস দল পৌঁছায় দানবদের কিংবদন্তি ভূমি এলবাফে। এ পর্যায়ে ‘ভয়েড সেঞ্চুরি’, প্রাচীন ইতিহাস এবং বিশ্ব সরকারের গোপন কর্মকাণ্ড নিয়ে নতুন রহস্য ও তথ্য সামনে আসছে।
নতুন ফরম্যাটে প্রথম দফার পর্ব প্রচারের পর বর্তমানে বিরতিতে রয়েছে অ্যানিমেটি। পরবর্তী পর্বগুলো ২০২৭ সালে প্রচারের পরিকল্পনা রয়েছে। এই পরিবর্তন বাংলাদেশের অ্যানিমেপ্রেমীদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। কেউ সাপ্তাহিক পর্বের ধারাবাহিকতা মিস করলেও অনেকের মতে, নতুন ফরম্যাটে গল্পের গতি ও অ্যানিমেশনের মান আরও উন্নত হবে। বিশেষ করে ক্রাঞ্চিরোল ও নেটফ্লিক্সে সিরিজটি অনুসরণ করা দর্শকদের মধ্যে এলবাফ আর্ক নিয়ে আগ্রহ বাড়ছে।
এদিকে মূল সিরিজের পাশাপাশি নেটফ্লিক্স ও উইট স্টুডিওর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘দ্য ওয়ান পিস’ নামের রিমেক সিরিজ। এটি ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সব মিলিয়ে নতুন ফরম্যাট ও রিমেকের মাধ্যমে প্রায় তিন দশকের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের সামনে নতুনভাবে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে।