পাকিস্তানি সিরিয়ালে সহশিল্পীর সঙ্গে আলিঙ্গনের দৃশ্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাহার হাশমি। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ তাঁকে ‘পাকিস্তানের ইমরান হাশমি’ বলেও কটাক্ষ করছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই পরিচিত টেলিভিশন মুখ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর বরাতে সাহার হাশমির এই প্রতিক্রিয়া সামনে এসেছে। সম্প্রতি তাঁর অভিনীত ‘জঞ্জিরেঁ’ ও ‘শাইদাই’ সিরিয়ালের কয়েকটি আলিঙ্গনের দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে জোর চর্চা শুরু হয়। এর পরই বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা ইমরান হাশমির সঙ্গে মিলিয়ে তাঁকে এই বিশেষ নামে ডাকতে শুরু করেন সমালোচকরা।
এক সাক্ষাৎকারে সাহার বলেন, সমালোচনা একজন অভিনয়শিল্পীকে কাজে উন্নতি করতে সাহায্য করে। তবে আলিঙ্গনের দৃশ্যের কারণে তাঁকে বলিউড অভিনেতার সঙ্গে তুলনা করাটা তাঁর কাছে স্রেফ ‘হাস্যকর’ ও ‘অদ্ভুত’ লেগেছে। অভিনেত্রী স্পষ্ট জানান, পর্দায় কাউকে আলিঙ্গন করা প্রথম বা শেষ অভিনেতা তিনি নন। অভিনেতাদের অনর্থক দোষ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো গল্পের প্রয়োজনে করা হয়। চিত্রনাট্যে যা থাকে, পরিচালক সেটাই নির্দেশনা দেন।” পরিচালক তাঁকে দৃশ্যটি করার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন বলেও তিনি জানান।
পাকিস্তানের সংস্কৃতিতে এমন দৃশ্য নিয়ে সামাজিক আপত্তি রয়েছে এ কথা স্বীকার করে সাহার বলেন, বাস্তব জীবনেও বিপরীত লিঙ্গের মানুষ একে অপরকে আলিঙ্গন করেন। তবে অনলাইনের এই তীব্র নেতিবাচক মন্তব্য তাঁকে মানসিকভাবে বেশ আঘাত করেছে। তিনি বলেন, “ভালো কিছু করলে মানুষ খারাপ দিক খুঁজে বের করবেই। এটা কষ্ট দেয়।” একসময় এসব কারণে রাতে কেঁদে ঘুমাতে গেলেও সহকর্মী শেহজাদ শেখ, নওয়াল সাঈদ ও ফিরোজ খানের কাছ থেকে তিনি দারুণ সমর্থন ও সাহস পেয়েছেন। দর্শকদের ভালো লাগার কথা বিবেচনা করে ভবিষ্যতে এমন দৃশ্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলে জানিয়েছেন ‘জুলম’ ও ‘ইশক হুয়া’ খ্যাত এই অভিনেত্রী।