নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়ার প্রায় ১০ মাস পর অবশেষে ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে পাকিস্তানি জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর কনসার্ট। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’। 

প্রতিবেদনে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর আয়োজক প্রতিষ্ঠান ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে। পূর্বের ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’ নামটি পরিবর্তন করে এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। তবে নিরাপত্তার স্বার্থে আয়োজকরা এখনই ভেন্যুর নাম প্রকাশ করেননি। গত বছর যারা অগ্রিম টিকিট কিনেছিলেন, তাঁরা সেই টিকিট দিয়েই কনসার্টটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি ‘টিকিফাই’ প্ল্যাটফর্মে নতুন টিকেট বিক্রি শুরু হয়েছে, যেখানে সাধারণ টিকিটের মূল্য ২,৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫,৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার মঞ্চে এই কনসার্টটি হওয়ার কথা থাকলেও তৎকালীন সার্বিক পরিস্থিতি ও অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠা পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’ এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশে এসে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছিল। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’ ও ‘নিন্দিয়া রে’-এর মতো কালজয়ী গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে এই ব্যান্ডটি।