মা হওয়ার পর জীবনে অনেক পরিবর্তন এলেও অভিনয়জীবন চালিয়ে যেতে চান বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সন্তান নীরের জন্মের পর সংসার ও কাজের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ নিয়ে এক সাক্ষাৎকারে মাতৃত্ব, অভিনয় এবং স্বামী রাঘব চাড্ডার সঙ্গে সংসারজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী।
পরিণীতি জানান, সিরিজটির চিত্রনাট্য এতটাই আকর্ষণীয় ছিল যে মাত্র আড়াই ঘণ্টায় পুরোটা পড়ে শেষ করেছিলেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায় সিরিজটির শুটিং করলেও পুরো টিম ও পরিবারের সহযোগিতায় কাজটি সহজ হয়েছে। বিশেষ করে স্বামী রাঘব, মা, শাশুড়ি ও ভাইয়েরা সেই সময়ে তাঁর পাশে ছিলেন।
মা হওয়ার পর অভিনয়ের সুযোগ কমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন পরিণীতি। তাঁর মতে, মাতৃত্বের কারণে কোনো অভিনেত্রীর কাজের সুযোগ হারানো উচিত নয়। আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা মা হওয়ার পরও নিয়মিত কাজ করছেন, যা ইতিবাচক পরিবর্তন বলে মনে করেন তিনি।
সন্তানের দায়িত্ব প্রসঙ্গে পরিণীতি জানান, তিনি ও রাঘব দুজনেই ৫০-৫০ ভাগে ছেলের দেখাশোনা করেন। একজন কাজে ব্যস্ত থাকলে অন্যজন নীরের দায়িত্ব নেন। কাজের চাপ সামলাতেও স্বামীর কাছ থেকে নিয়মিত সহযোগিতা পান তিনি। তবে পেশাগত জগৎ আলাদা হওয়ায় রাজনীতি নিয়ে রাঘবকে কিংবা সিনেমা নিয়ে তাঁকে খুব একটা পরামর্শ দেন না দুজনের কেউই।