সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করেছেন ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে তাঁদের বিয়ে নিয়ে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলের লাইভে এসে খবরটি নিশ্চিত করেন আসাদ নূর।
লাইভে তিনি জানান, পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন তাঁরা। ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল এবং সামাজিক কিছু ট্যাবু নিয়ে মানুষের প্রতিক্রিয়া বোঝাই ছিল তাঁদের উদ্দেশ্য। এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি ছবি আড়াল রেখেও মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন।
পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ নূর। তাঁর ভাষ্য, সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার ও অর্জনের প্রতি সম্মান রেখেই তাঁরা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসাদ নূর জানান, তিনি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না এবং বিএনপি বা অন্য কোনো দলের কাছ থেকে অর্থ নেননি। জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ হিসেবে আলোচিত ছিলেন এবং ‘চলো ভুলে যাই’ গানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
এ ছাড়া পারশাকে নিয়ে এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন আসাদ নূর। নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার আহ্বান জানান তিনি।