চলতি ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর শোকে কাতর ফুটবলপ্রেমীরা। তবে আকাশী-সাদাদের এই হারে ব্যক্তিগত জীবনে এক মজার বিপত্তিতে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী পরীমণি। আর্জেন্টিনা হেরে যাওয়ায় থমকে গেছে তাঁর নতুন করে বিয়ের পরিকল্পনা! সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে রসাত্মক ভঙ্গিতে বিষয়টি নিজেই জানিয়েছেন এই নায়িকা।


বিশ্বকাপ ফাইনাল খেলা শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পরীমণি লেখেন, "বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।" সঙ্গে জুড়ে দেন মনখারাপের ইমোজি।

মূলত ফাইনাল ম্যাচের আগেই এক মজার শর্ত জুড়ে দিয়েছিলেন পরীমণি। সেমিফাইনালে আর্জেন্টিনা জয় পাওয়ার পর ফেসবুকে তিনি লিখেছিলেন, "আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।" সেই পোস্টটি রাতারাতি নেটিজেনদের মাঝে বিপুল আলোচনার জন্ম দেয়। পরবর্তীতে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠলে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের ছবি পোস্ট করে পরিমণি রসিকতা করে লেখেন, "Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!"

তবে ফাইনালে প্রিয় দল স্পেনের কাছে হেরে যাওয়ায় অভিনেত্রীর সেই ‘শর্ত সাপেক্ষ’ বিয়ের পরিকল্পনাও আপাতত ফাইলবন্দি হয়ে গেল। পরীমণির এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীরা নানা মজার মন্তব্য করতে শুরু করেন। ভক্তদের এখন একটাই কৌতূহল, প্রিয় দলের হার যাই হোক না কেন, শেষ পর্যন্ত কবে আবার সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসছেন এই চিত্রনায়িকা।