ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি তাঁর দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উদযাপন করেছেন। ঘরোয়া পরিবেশে ছোট পরিসরে আয়োজিত এই বিশেষ মুহূর্তের কিছু ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। নীল ও সাদা বেলুনে সাজানো ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে পরীমনির মাতৃত্বের এই স্নিগ্ধ রূপ নজর কেড়েছে নেটিজেনদের। সামনে রাখা বিশেষ থিম কেকটি উদযাপনে বাড়তি আনন্দ যোগ করেছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেয়েকে উদ্দেশ্য করে এক আবেগঘন বার্তায় পরীমনি লিখেছেন, “আমার মা। আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।” প্রিয়মকে ঘিরে অভিনেত্রীর এই অকপট ভালোবাসার বহিঃপ্রকাশ ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। ছবিগুলো পোস্ট করার পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা ছোট্ট প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
কাজের শত ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করে নেন পরীমনি। বর্তমানে ছেলে পূণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়েই তাঁর সুখের সংসার। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে একাই বড় করে তুলছেন তিনি। মাতৃত্বের এই চ্যালেঞ্জ ও সন্তানদের প্রতি তাঁর নিবেদন প্রায়ই সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়।