দীর্ঘদিন ধরে এফডিসির অসচ্ছল সহশিল্পীদের জন্য কোরবানির আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তবে গত কয়েক বছরের মতো এবারও তিনি এফডিসিতে কোরবানি দিচ্ছেন না বলে জানিয়েছেন।
গণমাধ্যমে পরীমনি বলেন, ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত এফডিসির সঙ্গে কোরবানির আয়োজন করতেন। তবে প্রায় চার বছর ধরে সেই উদ্যোগ থেকে দূরে আছেন। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। যদিও নিজের অংশগ্রহণ না থাকলেও সহশিল্পীদের ঈদ আনন্দঘন হোক, সেটাই তার প্রত্যাশা।
পরীমনির ভাষায়, এফডিসির অনেক সহশিল্পী আছেন যারা আর্থিকভাবে স্বচ্ছল নন। তাই তারা যেন উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেটিই তিনি চান। তিনি থাকুন বা না থাকুন, তাদের আনন্দ যেন অটুট থাকে এমন প্রত্যাশার কথাও জানান অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর এবার পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের পরিকল্পনার কথাও জানান পরীমনি। তিনি বলেন, তার নানু সবসময় চাইতেন পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কাটাতে এবং নিজের হাতে কোরবানির মাংস বিতরণ করতে। কিন্তু প্রায় আট-নয় বছর এফডিসির আয়োজনের কারণে বাড়িতে ঈদ করা হয়ে ওঠেনি।
অভিনেত্রীর মতে, পরে তিনি অনুভব করেন যে এফডিসির দায়িত্ব অন্যরাও সামলাতে সক্ষম। সেই বিশ্বাস থেকেই দায়িত্ব ছেড়ে দিয়ে আবার পরিবারের কাছে ফিরে ঈদ উদযাপন শুরু করেন।
সবশেষে ঈদকে আনন্দ ও ভালোবাসা ভাগাভাগির উৎসব হিসেবে উল্লেখ করে পরীমনি বলেন, তিনি নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন সবার মাঝে উৎসবের আবহ ছড়িয়ে দিতে। তার চাওয়া, ঈদে সবার মুখে হাসি আর মনে আনন্দ থাকুক।