২০১৭ সালে প্রীতম হাসানের গাওয়া জনপ্রিয় গান ‘জাদুকর’-এর শুটিংয়ে প্রথম পরিচয় হয়েছিল সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের। সেই কাজের সুবাদেই তাঁদের প্রেম ও পরবর্তীতে ২০২২ সালের অক্টোবরে বিয়ের পিঁড়িতে বসা। তবে সম্প্রতি প্রায় এক দশকের এই চেনা সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পর নেটপাড়ায় উঠেছে প্রশ্ন কী ঘটেছিল তাঁদের মাঝে?

কাছের মানুষদের সাথে কথা বলে জানা যায়, প্রীতম-শেহতাজের সম্পর্কের মাঝে ফাটল কিংবা দূরত্ব তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগেই। সেই গল্পের পেছনে জড়িয়ে রয়েছে প্রীতমের ক্যারিয়ারের বড় ধরনের ব্যস্ততা ও সাফল্য। ‘তুফান’ সিনেমার গান ও অভিনয় প্রীতমকে পৌঁছায় এক নতুন উচ্চতায়; এরপর ‘বরবাদ’ ও ‘প্রিন্স’ সিনেমার হিট গানগুলোর পর দেশে-বিদেশে বাড়ে তাঁর স্টেজ শো ও কাজের ব্যস্ততা। ২০২৪ সালের শেষের দিকে প্রীতমের এই অতিরিক্ত ব্যস্ততার কারণে দুজনের একসঙ্গে সময় কাটানোর সুযোগ কমে আসে, যা ধীরে ধীরে তাঁদের মধ্যে দূরত্ব ও বোঝাপড়ার ঘাটতি তৈরি করে।

বিয়ের পর শেহতাজ গান ও অভিনয় থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলেন। সম্পর্কে টানাপোড়েন শুরু হলে দুজনেই সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই পথ আলাদা হয়ে যায়। কিছুদিন আগে শেহতাজ কানাডা ঘুরে আসার পরপরই দুজন আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সম্পর্কের ইতি টানলেও নিজেদের ফেসবুক বার্তায় উভয়েই একে অপরের প্রতি সম্মান প্রকাশ করেছেন এবং শুভকামনা জানিয়ে নতুন উদ্যমে নিজের কাজে ফেরার ইঙ্গিত দিয়েছেন।