প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর কন্যা জাইমা রহমানের সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র উপভোগের বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। প্রথমে তানিম নূর পরিচালিত ‘বনতলা এক্সপ্রেস’ দেখার গুঞ্জন উঠলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে, তাঁরা মূলত বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সায়েন্স ফিকশন ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখতে গিয়েছিলেন। ২০২৬ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী এই সিনেমাটি নিয়ে এখন সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
অ্যান্ডি উইয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ফিল লর্ড এবং ক্রিস্টোফার মিলার পরিচালিত এই সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে পৃথিবী যখন ধ্বংসের মুখে এবং সূর্যের আলো স্তিমিত হয়ে আসছে, সেই সংকটকালকে ঘিরে। মানবজাতির অস্তিত্ব রক্ষায় রাইল্যান্ড গ্রেস (রায়ান গসলিং) নামক এক বিজ্ঞান শিক্ষকের মহাকাশ অভিযানের শ্বাসরুদ্ধকর লড়াই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমার অন্যতম আকর্ষণীয় দিক হলো গ্রেসের সাথে ‘রকি’ নামক এক ভিনগ্রহী প্রাণীর অভূতপূর্ব বন্ধুত্ব এবং তাদের যৌথ প্রচেষ্টায় পৃথিবীকে ‘অ্যাস্ট্রোফেজ’ নামক অণুজীবের আক্রমণ থেকে বাঁচানোর সংগ্রাম। রায়ান গসলিংয়ের অনবদ্য অভিনয়, ড্যানিয়েল পেমবার্টনের সংগীত এবং গ্রেইগ ফ্রেজারের চিত্রগ্রহণ সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।