দর্শকপ্রশংসিত নাটক ‘এটা আমাদের গল্প’ দিয়ে নতুন করে আলোচনায় আসা নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবার নিয়ে আসছেন নতুন একক নাটক ‘পথহারা মন’। প্রেম, সম্পর্ক, ভালোবাসা ও জীবনের আবেগঘন গল্পকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের সবচেয়ে বড় চমক, দীর্ঘদিন পর রাজের পরিচালনায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

নাটকটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী এবং দীপা খন্দকার। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠুকেও।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, ‘পথহারা মন’ মূলত মানুষের ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগ-অনুভূতির গল্প। এমনভাবে গল্পটি নির্মাণ করা হয়েছে, যাতে দর্শক নিজেদের জীবনের নানা মুহূর্ত ও অনুভূতির প্রতিফলন খুঁজে পান।

রাজ বলেন, “এই নাটকের গল্পে প্রেম আছে, সম্পর্কের জটিলতা আছে, আবার জীবনের বাস্তবতাও রয়েছে। আমরা চেষ্টা করেছি এমন একটি গল্প বলতে, যেখানে দর্শক নিজেদের অনুভূতির সঙ্গে সংযোগ খুঁজে পাবেন।”

জাহিদ হাসানকে নিয়ে এর আগে ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন রাজ। বৈশাখী টেলিভিশনে প্রচারিত সেই নাটকের প্রায় আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন এই নির্মাতা-অভিনেতা জুটি।

দীর্ঘ বিরতির পর আবারও জাহিদ হাসানকে পরিচালনা করতে পেরে নিজের আনন্দের কথাও জানিয়েছেন রাজ। তিনি বলেন, “দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি অসাধারণ একজন অভিনেতা। তার অভিনয় নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। পাশাপাশি অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি, যা পুরো কাজটিকে আরও সমৃদ্ধ করেছে।”

অন্যদিকে নতুন নাটকটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাহিদ হাসানও। তিনি বলেন, “রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সব সময়ই দারুণ। অনেক দিন পর আবারও তাঁর পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য বিশেষ আনন্দের। গল্পটি খুব আন্তরিক এবং বাস্তবধর্মী। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পুরো পরিবেশ ছিল খুবই সুন্দর ও উপভোগ্য।”

দর্শকপ্রিয় নির্মাতা ও জনপ্রিয় অভিনেতার এই পুনর্মিলন ঘিরে ইতোমধ্যেই নাটকপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নির্মাতার প্রত্যাশা, সম্পর্ক ও ভালোবাসার আবেগঘন গল্পে নির্মিত ‘পথহারা মন’ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং সাম্প্রতিক সময়ের আলোচিত নাটকগুলোর একটি হয়ে উঠবে।