বক্স অফিসে রজনীকান্তের জাদু যে আজও অটুট, তার প্রমাণ মিলল আবারও। মুক্তির দুই দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে সুপারস্টার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। প্রথম দিনের বিশ্বব্যাপী ১২৫ কোটি ২৫ লাখ রুপির দুর্দান্ত আয়ের পর, দ্বিতীয় দিনে গতি কিছুটা কমলেও বিশ্বজুড়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২০৯ কোটি ১০ লাখ রুপি। এর মধ্য দিয়ে আগের ছবি ‘জেলার’-এর প্রথম দুই দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে এই সিক্যুয়েল।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের হিসাব বলছে যে নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি ভারতে দুই দিনে নিট আয় করেছে ৯৫ কোটি ৩০ লাখ রুপি। দেশীয় বাজারে মোট আয় বা গ্রস কালেকশন ১১২ কোটি ১০ লাখ রুপি এবং বিদেশের বাজার থেকে এসেছে আরও ৯৭ কোটি রুপি। প্রথম দিনে বিশ্বব্যাপী ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয় করলেও দ্বিতীয় দিনে ভারতে নিট আয় কিছুটা কমে ৩৫ কোটি ৬০ লাখ রুপিতে দাঁড়ায়। তবে বিদেশের বাজার থেকে আরও ৪০ কোটি রুপি আসায় দ্রুতই ২০০ কোটির ক্লাব পার করে ফেলে সিনেমাটি। ২০২৬ সালে মুক্তি পাওয়া তামিল ছবিগুলোর মধ্যে মাত্র দুই দিনে বিশ্বব্যাপী গ্রস আয়ের দিক থেকে এটি সবচেয়ে দ্রুতগতির ছবি হিসেবেও রেকর্ড গড়েছে।