পাঁচ দশকের বেশি সময় ধরে দক্ষিণী সিনেমায় রাজত্ব করছেন সুপারস্টার রজনীকান্ত। ভক্তদের কাছে তিনি কেবল একজন অভিনেতা নন, বরং শ্রদ্ধার ‘থালাইভা’। সাধারণ এক বাস কন্ডাক্টর থেকে নিজের অভিনয় ও পরিশ্রমে বিপুল সম্পদের মালিক হয়েছেন ৭৫ বছর বয়সী এই তারকা। এবার মৃত্যুর পর নিজের সম্পত্তি নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। রজনীকান্তের ইচ্ছা, তাঁর মৃত্যুর পর সম্পত্তির কোনো অংশই পরিবারকে দেওয়া হবে না; বরং সব সম্পদ ব্যয় করা হবে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে।

এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত তাঁর পরিচিত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১ দশমিক ২৫ একর জমির ওপর নির্মিত এই ভবনটি রজনীকান্ত ও তাঁর ভক্তদের কাছে বিশেষ আবেগের জায়গা। ২০১৫ সালের ভয়াবহ চেন্নাই বন্যার সময় বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য মণ্ডপটি খুলে দেওয়া হয়েছিল। ভক্তদের সঙ্গে তাঁর বহু স্মরণীয় বৈঠকেরও সাক্ষী এই স্থান।

জানা গেছে, রজনীকান্তের উইলে মণ্ডপসহ তাঁর সব সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দেওয়ার নির্দেশ রয়েছে। অর্থাৎ, তাঁর মৃত্যুর পর এসব সম্পদ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে।

পরিবারের পরিবর্তে সাধারণ মানুষের জন্য সম্পত্তি রেখে যাওয়ার সিদ্ধান্তের কারণও জানিয়েছেন এই অভিনেতা। তাঁর ভাষ্য, তামিলনাড়ুর মানুষ বছরের পর বছর টিকিট কিনে তাঁর সিনেমা দেখেছেন এবং ক্যারিয়ারের প্রতিটি পর্যায়ে সমর্থন দিয়েছেন। তাঁদের ভালোবাসা ও সহযোগিতার প্রতিদান দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। এর একটি পয়সাও আমার পরিবার পাবে না। তামিলনাড়ুর মানুষ টিকিট কেটে আমার সিনেমা দেখেছেন এবং আমার ক্যারিয়ারকে বাঁচিয়ে রেখেছেন; তাই এই সিদ্ধান্ত তাঁদের প্রতি আমার সামান্য ঋণস্বীকার মাত্র।’

তামিল জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘টিকিটের দাম যাই হোক না কেন, এ রাজ্যের মানুষ সবসময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন। আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’