সাধারণ এক বাস কন্ডাক্টর থেকে ভারতীয় চলচ্চিত্রের অনন্য ‘থালাইভা’ বা মহাতারকা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। দীর্ঘ পাঁচ দশকের এই অনুপ্রেরণাদায়ী যাত্রাপথকে এবার আত্মজীবনী হিসেবে নিজের বইয়ে বন্দি করছেন স্বয়ং রজনীকান্ত।
বেশ কিছুদিন ধরে রজনীকান্তের জীবনের গল্প নিয়ে আলোচনা চললেও তাঁর কন্যা সৌন্দর্যা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, রজনীকান্ত ইতিমধ্যেই বইটি লেখার কাজ শুরু করে দিয়েছেন। বেঙ্গালুরুতে কন্ডাক্টর হিসেবে কাটানো সেই সংগ্রাামময় দিনগুলো থেকে শুরু করে ‘কলিউড’ তথা তামিল ইন্ডাস্ট্রির শীর্ষ তারকা হয়ে ওঠার পেছনের অনেক অজানা গল্প এতে বিস্তারিতভাবে উঠে আসবে। উটির মনোরম পরিবেশে ছুটির ফাঁকে এই বইটির কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন তিনি।
কেবল আত্মজীবনীমূলক বই প্রকাশের খবরই নয়, সিনেপাড়ায় এখন জোর গুঞ্জন, এই বইয়ের ওপর ভিত্তি করেই নির্মিত হতে পারে রজনীকান্তের বায়োপিক। 'মুভিজ সিঙ্গাপুর'-এর এক প্রতিবেদনে উঠে এসেছে যে, বইটি প্রকাশের পর এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণের একটি পরিকল্পনাও তাঁর মাথায় রয়েছে। তবে বায়োপিক সম্পর্কিত বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং এর প্রযোজক বা পরিচালকের নাম এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন এই জীবন্ত কিংবদন্তি।