বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের অভিনয়জীবনের শুরুটা ছিল সংগ্রাম ও অনিশ্চয়তায় ভরা। দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাই পাড়ি দিলেও শুরুতে সাফল্য ধরা দেয়নি। বরং প্রত্যাখ্যান ও অনিশ্চয়তার মধ্য দিয়েই এগোতে হয়েছে তাঁকে।

সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুমে হাজির হয়ে ক্যারিয়ারের শুরুর দিনের সেই স্মৃতি শেয়ার করেন রাজকুমার। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি ও সাবেক বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম। তাঁদের আসন্ন সিনেমা ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’-এর প্রচারেই অনুষ্ঠানে অংশ নেন তাঁরা। সঞ্চালনায় ছিলেন অমিতাভ বচ্চন।

অমিতাভের সঙ্গে আলাপচারিতায় রাজকুমার জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। অমিতাভ বচ্চনের পাশাপাশি শাহরুখ খানের সংগ্রামের গল্পও তাঁকে অনুপ্রাণিত করেছিল। দিল্লির মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে থিয়েটার ও টেলিভিশনে কাজ করে শাহরুখ যেভাবে বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন, সেটিই রাজকুমারকে সাহস জুগিয়েছিল।

মুম্বাইয়ে ক্যারিয়ারের শুরুর দিকে একটি শোয়ের জন্য গিয়েও নির্বাচিত হননি রাজকুমার। সেই সময় প্রিয় অভিনেতা শাহরুখ খানকে একবার দেখার ইচ্ছায় তাঁর বাড়ি ‘মান্নাত’ এর সামনে দাঁড়িয়ে থাকতেন তিনি। আজ সেই রাজকুমার রাও নিজেই বলিউডের পরিচিত ও সফল অভিনেতা। একসময় যাঁকে দূর থেকে দেখার জন্য অপেক্ষা করতেন, সময়ের সঙ্গে নিজেও পৌঁছে গেছেন তারকার কাতারে।

অনুষ্ঠানে শাহরুখ সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথাও জানান অমিতাভ বচ্চন। তাঁর মতে, কঠিন পরিস্থিতিতেও সহজে হাল ছাড়েন না শাহরুখ। নিজের আত্মবিশ্বাস ধরে রাখার পাশাপাশি আশপাশের মানুষের আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার ক্ষমতাও রয়েছে তাঁর।

এদিকে রাজকুমার রাও বর্তমানে ব্যস্ত ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্বল নিকম’ এর প্রচারে। অবিনাশ অরুণ পরিচালিত ছবিটিতে তিনি সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করেছেন। ২৬/১১ মুম্বাই হামলা ও আজমল কাসাবের বিচারপ্রক্রিয়াও ছবিটির গুরুত্বপূর্ণ অংশ। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।