ভারতীয় চলচ্চিত্রশিল্পে কাস্টিং কাউচের অস্তিত্ব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রম্যা কৃষ্ণান। তাঁর মতে, এ ধরনের শোষণ অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুধু চলচ্চিত্রজগৎ নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে। এ ক্ষেত্রে লিঙ্গের কোনো ভেদাভেদ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
‘র-টকস উইথ ভিকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে রম্যা বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশেও এ ধরনের ঘটনা ঘটছে। তাই ভারতে এমন ঘটনা ঘটবে না, তা ভাবার কারণ নেই। কখনো জোর করে, কখনো সম্মতির ভিত্তিতে আবার কখনো স্বাভাবিক ঘটনার মতো করেও এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।
‘কাস্টিং কাউচ’ শব্দবন্ধ নিয়েও আপত্তি জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, শব্দটি শুনলে মনে হয় শুধু সিনেমার কাস্টিংয়ের সময়ই এমন ঘটনা ঘটে। অথচ পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্র, বিভিন্ন জায়গায় মানুষ হয়রানির শিকার হন।
দক্ষিণ ভারতীয় সিনেমার পাশাপাশি বলিউডেও কাজ করেছেন রম্যা কৃষ্ণান। সম্প্রতি ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের বিপরীতে বিজয়ার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে মালয়ালম চলচ্চিত্রশিল্পে নারীদের সমস্যা খতিয়ে দেখতে বিচারপতি কে হেমার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে কেরালা সরকার। এক অভিনেত্রীকে অপহরণ ও যৌন নিপীড়নের ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত কমিটি চার বছরের বেশি সময় আগে প্রতিবেদন জমা দিলেও তা প্রকাশ করা হয় ২০২৪ সালের আগস্টে। প্রতিবেদনে চলচ্চিত্রশিল্পে যৌন হয়রানি, লিঙ্গবৈষম্য, পারিশ্রমিকের অসমতা এবং নারীদের জন্য মৌলিক সুযোগ-সুবিধার অভাবের চিত্র উঠে আসে।