বলিউডের চিরসবুজ ও রহস্যময়ী অভিনেত্রী রেখা ৭২ বছর পূর্ণ করে পা রাখলেন ৭৩ বছরে। গত ১০ অক্টোবর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই কিংবদন্তি তারকা। রূপালি পর্দায় তাঁর রাজকীয় উপস্থিতি, অমিতাভ বচ্চনের সঙ্গে দীর্ঘদিনের চর্চিত রসায়ন এবং জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছানোর গল্প ভক্তদের মনে আজও সমানভাবে দাগ কেটে যায়।

১৯৫৪ সালে তামিল অভিনেতা জেমিনি গণেশন ও তেলেগু অভিনেত্রী পুষ্পাভ্যালির ঘরে জন্ম নেওয়া রেখাকে ছোটবেলায় নানা সামাজিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। বাবার স্বীকৃতি না পাওয়া এবং পরিবারের চরম অর্থনৈতিক সংকটের কারণে কিশোরী বয়সেই পরিবারের হাল ধরতে অভিনয়ে নামেন তিনি। গায়ের রং ও হিন্দি ভাষার অজ্ঞতার কারণে শুরুতে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হলেও ১৯৬৯ সালে ‘গোয়াদাল্লি সিআইডি ৯৯৯’ ও পরবর্তীতে প্রথম মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ‘সাওয়ান ভাদো’-এর মাধ্যমে বক্স অফিসে বাজিমাত করেন। এরপর ‘উমরাও জান’, ‘সিলসিলা’, ‘মিস্টার নটবরলাল’ ও ‘উৎসব’-এর মতো বহু কালজয়ী সিনেমা উপহার দিয়ে তিনি হয়ে ওঠেন বলিউডের এক অবিসংবাদিত আইকন।