খুব সাধারণ পরিবারের ছেলে রিতেশ পাল। একসময় ছিলেন নাপিত। মানুষের চুল-দাড়ি কাটতেন। সেই সেলুন থেকেই শুরু হয়েছিল নাচের চর্চা। আর এবার তিনিই জিতে নিলেন ভারতের ‘সেরা নাচিয়ে’র খেতাব।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঘোষণা করা হয় ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’ এর বিজয়ীর নাম। সবাইকে টপকে ট্রফি জিতে নেন রায়পুরের তরুণ রিতেশ। তাঁর সঙ্গে বিজয়ী হয়েছেন কোরিওগ্রাফার প্রতীক উতেকরও।

গ্র্যান্ড ফিনালেতে রিতেশ ও প্রতীকের মুখোমুখি হন দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহা। চূড়ান্ত পর্বের পারফরম্যান্সের পর বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইস রিতেশকেই বিজয়ী ঘোষণা করেন।

বিজয়ী হওয়ার পর রিতেশ বলেন, নাচ সবসময়ই তাঁর ভালোবাসা। ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ জয়কে নিজের স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করে বিচারকদের পাশাপাশি কোরিওগ্রাফার প্রতীক উতেকরের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে পুরস্কারের ১৫ লাখ রুপি দিয়ে কী করবেন, সেটিও জানিয়েছেন রিতেশ। তাঁর সবচেয়ে বড় স্বপ্ন মায়ের জন্য একটি বাড়ি তৈরি করা। পুরস্কারের অর্থ দিয়ে সেই স্বপ্ন পূরণের পথে এগোতে চান তিনি। বাড়িটির নামও ঠিক করে রেখেছেন‘হরিদর্শন’।

সেলুনে কাজ করা থেকে ভারতের অন্যতম বড় নৃত্য প্রতিযোগিতার বিজয়ী রিতেশের এই পথচলা যেন সত্যিই স্বপ্নপূরণের গল্প।