এক নাবালিকাকে পিছু নেওয়া (স্টকিং) ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতারের পর জামিনে মুক্তি পেলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা রোহিত চন্দেল। পকসো (POCSO) আইনে গ্রেফতার হওয়ার পর গত ১০ সেপ্টেম্বর জামিন পান ৩০ বছর বয়সী এই অভিনেতা। জামিনে মুক্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ধার্মিকতা ও জয়ের বার্তা পোস্ট করার পাশাপাশি তাঁর চলতি ধারাবাহিক ‘সাইরাব’ বন্ধ হয়ে যাওয়ার কথা ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ করেছেন তিনি।
প্রতিবেদনে জানা যায়, সমুদ্রের দিকে মুখ করে হাত জোড় করে প্রার্থনা করার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে রোহিত লেখেন, "যতো ধর্মস্ততো জয়ঃ" (যেখানে ধর্ম বা সততা রয়েছে, সেখানেই জয়)। মহাভারতের এই বিখ্যাত শ্লোকটি মূলত ন্যায়বিচার ও সত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। একই সঙ্গে অভিনেতা তাঁর জনপ্রিয় সিরিয়াল ‘সাইরাব’-এর সমাপ্তি নিয়ে একটি দীর্ঘ আবেগঘন বার্তা লেখেন, যেখানে তিনি সহ-শিল্পী ও প্রযোজনা দলের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ১০ জুলাই মুম্বাইয়ের ঘাটকোপার থানা পুলিশ ১৬ বছর বয়সী এক সহ-অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে রোহিতকে গ্রেফতার করেছিল। অভিযোগ ছিল, নম্বর ব্লক করে দেওয়া সত্ত্বেও অভিনেতা তাঁকে ফোন করতেন ও পিছু নিয়ে হেনস্তা করতেন। আদালতের নির্দেশে কিছুদিন বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।