বেশ কিছুদিন ধরেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বাংলা সিনেমায় তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ গত বছরের ‘হাঁটি হাঁটি পা পা’। এবার বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে এই অভিনেত্রীর। অক্ষয়ের আসন্ন সিনেমা ‘শামুক’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রুক্মিণীকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।

সূত্রের খবর, নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন রুক্মিণী মৈত্র। সিনেমাটিতে তাঁর চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ বলে জানা গেছে। তবে এখনো অভিনেত্রীর সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি। প্রাথমিক পর্যায়ে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে।

সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভাল ঘরানার উপাদানের সমন্বয়ে তৈরি হচ্ছে ‘শামুক’। ছবির কাস্টিং নিয়ে ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, নির্দিষ্ট চরিত্রটির জন্য এমন একজন অভিনেত্রী প্রয়োজন ছিল, যার ব্যক্তিত্ব প্রখর এবং পর্দায় উপস্থিতি সহজেই দর্শকের নজর কাড়ে। আর সে কারণেই রুক্মিণীর নাম আলোচনায় এসেছে।

তবে এখনো সিনেমাটিতে রুক্মিণীর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। ফলে অক্ষয়-রুক্মিণীর নতুন জুটি সত্যিই বড়পর্দায় দেখা যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

‘শামুক’ সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ ও আসীন এ শাহ। দীর্ঘ ১২ বছর পর এই ছবির মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন অক্ষয় কুমার ও বিপুল অমৃতলাল শাহ। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় রুক্মিণী মৈত্রের। ২০২৫ সালে তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। এ ছাড়া তাঁর আলোচিত কাজের তালিকায় রয়েছে ‘বিনোদিনী’, ‘টেক্কা’ ও ‘বুমেরাং’।

তবে ‘শামুক’ রুক্মিণীর প্রথম হিন্দি সিনেমা নয়। এর আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটিতে দেখা গেছে তাঁকে। এবার অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধার জল্পনা সত্যি হলে, রুক্মিণীর ক্যারিয়ারে যুক্ত হবে আরও একটি উল্লেখযোগ্য হিন্দি প্রজেক্ট।