শোবিজ অঙ্গনে বিয়ে, বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে প্রীতম হাসান ও শেহতাজের বিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও ট্রল চলছে, তখনই ভিন্ন কারণে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী সাফা কবির।

কোনো বিতর্কিত মন্তব্য নয়, বরং নিজের নির্ভার মুহূর্তের একটি ছবি পোস্ট করেই আলোচনায় এসেছেন তিনি। ছবিতে দেখা যায়, বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে আছেন সাফা। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস এবং হাতে জুসের গ্লাস। সামনে সাজানো রয়েছে ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।

সাফা ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘জাস্ট চিলিং’। সঙ্গে যুক্ত করেছেন বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের আলোচিত গান ‘Te Olvido (La La)’। পেছনে নান্দনিক ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্ক পুরো ছবিতে যোগ করেছে বিলাসী আবহ।

সমসাময়িক অনেক তারকাই বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে পরবর্তী ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। সেই তারকাদের অনেকের বিয়েতে অতিথি হিসেবে দেখা গেছে সাফা কবিরকে। প্রীতম হাসান ও শেহতাজের বিয়েতেও উপস্থিত ছিলেন এই অভিনেত্রী।

তবে সময়ের ব্যবধানে প্রীতম-শেহতাজের সম্পর্কে ইতি টানার ঘোষণা সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে সাফার নাম। এর পেছনে অবশ্য মজার একটি কারণ রয়েছে। সাফা এখনো বিয়ে করেননি। ফলে নেটিজেনদের একাংশ মজার ছলে তার ব্যক্তিগত জীবনকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার সঙ্গে মিলিয়ে দেখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করছেন, চারপাশে কেউ বিয়ের পিঁড়িতে বসছেন, আবার কেউ বিচ্ছেদের পথে হাঁটছেন। আর সাফা রয়েছেন নিজের মতো, একেবারে ‘চিল’ মুডে। এমন আলোচনার মধ্যেই অভিনেত্রীর নতুন ছবিটি প্রকাশ্যে আসে।

ছবিটি প্রকাশের পর নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ এটিকে নিছক মজার পোস্ট হিসেবে দেখছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের প্রসঙ্গ টেনে সাফার ছবির সঙ্গে মিল খুঁজছেন। একজন মন্তব্য করেছেন, সাফা যেন নিজের জনপ্রিয় মিম নিজেই আবার তৈরি করে ফেলেছেন। আরেকজন লিখেছেন, তার বন্ধুমহলেও সবাই বিয়ে করলেও তিনি সাফার মতোই ‘চিল’ করছেন।

তবে নিজের পোস্টে বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি সাফা কবির। ফলে তাকে ঘিরে চলমান আলোচনা আপাতত নেটিজেনদের কৌতূহল ও মজার ছলেই সীমাবদ্ধ।