দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে সালমান খানের যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর। আগামী ৪ ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটি। শুক্রবার এক প্রচারণামূলক অনুষ্ঠানে তারিখটি জানান সালমান।

সিনেমাটির মুক্তি বারবার পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ভিজ্যুয়াল ইফেক্টসের মান নিশ্চিত করার কথা জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, দৃশ্যায়নের মান নিয়ে কোনো আপস করতে চাননি নির্মাতারা। দর্শক যেন সিনেমার ভিএফএক্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না পান, সেটিই ছিল তাঁদের লক্ষ্য।

সালমান জানান, শুরুতে ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা ছিল। তবে একজন অভিনেত্রী আহত হওয়ায় শুটিংয়ের কাজ পিছিয়ে যায়। প্রথমে জানুয়ারি বা জুনে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে আগস্টে তারিখ নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত ৪ ডিসেম্বর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে এটি।

সিনেমায় বিহার রেজিমেন্টের ১৬তম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান। গালওয়ানের সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের সঙ্গে প্রাণ হারিয়েছিলেন এই কর্মকর্তা।

গত বছরের ডিসেম্বরে নিজের ৬০তম জন্মদিনে সিনেমাটির প্রথম টিজার প্রকাশ করেন সালমান। তবে টিজার প্রকাশের পর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ সিনেমাটিতে ইতিহাস অতিরঞ্জিত ও বিকৃত করার অভিযোগ তোলে। এর জবাবে ভারতের সরকারি সূত্রের এক কর্মকর্তা চলচ্চিত্রকে শৈল্পিক অভিব্যক্তির মাধ্যম হিসেবে উল্লেখ করে দেশটির যুদ্ধভিত্তিক সিনেমা নির্মাণের ঐতিহ্যের কথা তুলে ধরেন।