একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও শ্রদ্ধা কাপুর অভিনীত দুটি সিনেমা। আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে সালমানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এবং শ্রদ্ধার ‘ঈথা’। বক্স অফিসে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও প্রতিদ্বন্দ্বিতার মনোভাব দেখাননি সালমান। বরং মুক্তির আগে শ্রদ্ধার সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ঈথা’র পোস্টার ও ট্রেলার শেয়ার করেন সালমান। ক্যাপশনে লেখেন, ‘ঈথার জন্য অনেক শুভকামনা!’ পাশাপাশি শ্রদ্ধা কাপুর ও প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মসকে ট্যাগ করেন অভিনেতা।
কী থাকছে ‘ঈথা’তে?
লক্ষ্মণ উতেকারের পরিচালনায় নির্মিত জীবনীভিত্তিক সিনেমা ‘ঈথা’। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাভানি নৃত্যশিল্পী ভিথাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত ছবিটি। এতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন মোহাম্মদ জিশান আয়ুব ও সিদ্ধার্থ যাদব। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল। প্রযোজনায় রয়েছেন দিনেশ ভিজান ও লক্ষ্মণ উতেকার।
‘মাতৃভূমি’ নিয়ে যত আলোচনা
অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। সিনেমাটির প্রযোজক সালমা খান এবং সংগীত পরিচালনায় রয়েছেন হিমেশ রেশমিয়া।
শুরুতে ছবিটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে গল্প ও চিত্রনাট্যে পরিবর্তন আনার আলোচনা সামনে আসে। সিনেমাটিতে সাহস, আত্মত্যাগ, মানবিকতা ও শান্তির আকাঙ্ক্ষার গল্প তুলে ধরা হয়েছে। ট্রেলারে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পাশাপাশি যুদ্ধের উদ্দেশে বাড়ি ছাড়ার আবেগঘন মুহূর্তও দেখা গেছে।