প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডনের সাম্প্রতিক রিমান্ড ও সার্বিক আইনি প্রক্রিয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। চার দিনের রিমান্ড শেষে ডনকে সম্প্রতি আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানো হলেও, বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে পুরো প্রক্রিয়াকে ‘ফানি’ বা হাস্যকর বলে আখ্যা দিয়েছেন তিনি।
যুক্তরাজ্য থেকে সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ৩০ বছরের পুরোনো এক হত্যাকাণ্ডের প্রধান আসামির কাছ থেকে কীভাবে সালমানকে হত্যা করা হয়েছে এবং কে বা কারা এর পেছনে ছিল সেই মূল তথ্য বের করার কথা ছিল। কিন্তু সেই সুযোগ না দিয়ে রিমান্ডের মেয়াদ কম রাখা এবং অসুস্থতার অজুহাতে দ্রুত শেষ করার বিষয়টিকে তিনি রহস্যজনক বলে মনে করছেন। রিমান্ড ফেরত ডনের হাসিখুশি ও উৎফুল্লভাবে হেঁটে যাওয়ার দৃশ্য দেখেও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
নীলা চৌধুরী আরও ক্ষোভ প্রকাশ করে জানান, মামলার ৪ নম্বর আসামি ডন ধরা পড়লেও অন্য কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের দুর্বলতা বা অনীহাকেই নির্দেশ করে। এ ঘটনার সঠিক বিচার পাওয়ার উদ্দেশ্যে মামলার সত্য অনুসন্ধানের জন্য সিআইডি কর্মকর্তাদের উপস্থিতিতে প্রয়োজনে ডনের মুখোমুখি হয়ে অথবা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলার ইচ্ছাও ব্যক্ত করেন সালমান শাহর মা।