গুঞ্জনকে সত্যি প্রমাণ করে দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর নিশ্চিত করেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। গত ১১ মে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, যার নাম রাখা হয়েছে শারলিন খান। শুক্রবার (৫ জুন) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই খুশির খবরটি ভক্তদের সাথে শেয়ার করেন তিনি। তবে বুবলীর এই আনন্দের খবর প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও কড়া সমালোচনা প্রকাশ করেছেন জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী।
ফেসবুক পোস্টে বুবলী তাঁর অনুভূতি ব্যক্ত করে লিখেছেন:
"আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যাঁরা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।"
মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই নায়িকা। এর আগে কোরিওগ্রাফার অ্যাডলফ খান সামাজিক মাধ্যমে বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে তাঁর মা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, যা অবশেষে সত্যি হলো।
এদিকে বুবলীর মা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে একটি দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট দেন উপস্থাপিকা স্মিতা চৌধুরী। পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও, নেটিজেনদের বুঝতে বাকি নেই যে তীরটি বুবলীর দিকেই ছোঁড়া হয়েছে। স্মিতা লিখেছেন:
"এইরকম জীবন কেনো কাটাতে হবে যেখানে সন্তান জন্মের মত খুশির সংবাদের পোস্ট সন্তানের বাবা এক্সেপ্ট করেনা। এখানে লজ্জা আর অসম্মান ছাড়া তো গৌরবের কিছু দেখিনা। যে লোক বউ হিসাবে স্বীকৃতি দেয়না তার সাথে কেন সম্পর্ক রাখতে হবে?"
নিজের ক্ষোভ উগরে দিয়ে স্মিতা আরও প্রশ্ন তোলেন:
"যিনি প্রকাশ্যে বাজে কথা বলে তার সন্তান কিভাবে আনতে ইচ্ছা করে? উনি তো অবলা নারী নন যে এই অসম্মানের জীবন উনাকে কাটাতে হবেই? বাচ্চাগুলো এরকম বিশ্রীভাবে বড় হচ্ছে, ওদের মানসিকতা কি হবে বড় হওয়ার পর?"
প্রসঙ্গগত, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। পরবর্তীতে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁদের প্রথম সন্তান পুত্র শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল।