হলিউডের মেগা রিলিজ ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘ডুন পার্ট ৩’-এর মাঝে মুক্তি পেতে যাওয়া নিজের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে বেশ রসিকতা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) আয়োজিত নিয়মিত ‘#AskSRK’ সেশনে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিনেমাটির শুটিং, চোট, ভিএফএক্স (VFX) এবং ট্রেলার প্রকাশের সময়সীমা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।
প্রতিবেদনে জানা যায়, আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া ‘কিং’ নিয়ে এক অনুরাগী প্রশ্ন তোলেন হলিউডের দুই বড় সিনেমার মাঝে পড়ে ছবিটি কোনো স্যান্ডউইচ অনুভব করছে কি না? জবাবে চিরচেনা রসবোধ নিয়ে শাহরুখ বলেন, "একদমই না... বাকি দুই পাউরুটির টুকরোর কথা ভাবুন, আমরা তো মাঝখানের সুস্বাদু টিকিটা!" এছাড়া শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি জানান, সিনেমার কাজ বেশ শারীরিক কসরতের ছিল এবং আঘাতের কারণে কয়েকবার শুটিং বন্ধ রেখে আবার শুরু করতে হয়েছিল। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং সিনেমার কাজ প্রায় শেষ পর্যায়ে।
ট্রেলার ও গান রিলিজ প্রসঙ্গে শাহরুখ নিশ্চিত করেন, ২৪ ডিসেম্বরের আগেই দর্শকরা সবকিছু দেখতে পাবেন। গানের বিষয়ে তিনি জানান, অরিজিৎ সিং নিখুঁতভাবে কাজ শেষ করার পর গান মুক্তি পাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও মারফ্লিক্স পিকচার্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই অ্যাকশন থ্রিলারে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে সুহানা খান, দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও অনিল কাপুরকে।