আজ ২ নভেম্বর বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন। বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে ‘কিং খান’ নামে পরিচিত এই অভিনেতার সাফল্যের গল্পের শুরুটা ছিল বেশ কঠিন। অল্প বয়সে মাকে হারানো, পরিবারের আর্থিক সীমাবদ্ধতা এবং অভিনয়ের স্বপ্ন নিয়ে সংগ্রাম করেই দিল্লি থেকে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন তিনি। দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি শুধু বলিউডের অন্যতম জনপ্রিয় তারকাই নন, ভারতের সবচেয়ে ধনী অভিনেতাও।
১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্ম শাহরুখের। সেন্ট কলম্বা স্কুলে পড়াশোনা শেষে হংসরাজ কলেজে অর্থনীতি নিয়ে পড়েন। কলেজজীবন থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত হন তিনি। পরে টেলিভিশনে ‘দিল দরিয়া’, ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘বাজিগর’, ‘ডর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন।
২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান আরও শক্ত করেন শাহরুখ। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও গড়ে তুলেছেন বড় সাম্রাজ্য। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে পরিচালনা করছেন প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের কাজেও যুক্ত। এ ছাড়া নাইট রাইডার্স স্পোর্টসের মাধ্যমে ক্রিকেট ব্যবসায়ও রয়েছে তাঁর অংশীদারত্ব। এই গ্রুপের অধীনেই রয়েছে কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি।
‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, শাহরুখের আনুমানিক সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৬৬ কোটি টাকা। তবে ২০২৫ সালের তালিকায় তাঁর সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে আনুমানিক ২০ শতাংশ কমেছে তাঁর সম্পদ। তারপরও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন তিনি।
এদিকে শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।