শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির আগেই ব্যবসার অঙ্কে আলোচনায় এসেছে। বিভিন্ন প্রতিবেদনের দাবি, প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পরিবেশনা, ডিজিটাল, স্যাটেলাইট ও সংগীত স্বত্ব বিক্রি করে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৬৬৫ কোটি রুপি। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটির।

প্রতিবেদন অনুযায়ী, বিদেশের বাজারে পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপির ন্যূনতম গ্যারান্টিতে কিনেছে ফার্স ফিল্মস। ভারতের পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ২৫০ কোটি রুপিতে। এ ছাড়া নেটফ্লিক্স ১৫০ কোটি রুপিতে স্ট্রিমিং স্বত্ব, ২৫ কোটি রুপিতে স্যাটেলাইট স্বত্ব এবং ৬৫ কোটি রুপিতে সংগীত স্বত্ব কিনেছে বলে জানা গেছে। তবে স্ট্রিমিং স্বত্বের মূল্য বক্স অফিসে সিনেমাটির পারফরম্যান্সের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

অন্যদিকে, ‘কিং’-এর নির্মাণ ব্যয়ও বেড়েছে। শুরুতে ৩০০ কোটি রুপি বাজেট ধরা হলেও পরবর্তী সময়ে তা প্রায় ৪০০ কোটি রুপিতে পৌঁছেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রচার ও বিপণনে আরও ৫০ কোটি রুপি ব্যয়ের পাশাপাশি শাহরুখের পারিশ্রমিক যুক্ত করলে সিনেমাটির মোট ব্যয় প্রায় ৫৫০ কোটি রুপি হতে পারে।

এই হিসাব অনুযায়ী, বিনিয়োগ তুলে আনতে সিনেমাটির বড় অঙ্কের বক্স অফিস আয় প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, লাভজনক অবস্থানে পৌঁছাতে বিশ্বব্যাপী প্রায় ৮০০ কোটি রুপি গ্রস আয় করতে হতে পারে ‘কিং’-কে। এর মধ্যে ভারতের বাজারে প্রায় ৫০০ কোটি এবং বিদেশের বাজারে প্রায় ৩০০ কোটি রুপি গ্রস আয়ের লক্ষ্য ধরা হয়েছে।

‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে ‘পাঠান’-এর সাফল্যের পর আবারও এই পরিচালক ও শাহরুখ খান একসঙ্গে কাজ করছেন। সিনেমাটিতে প্রথমবারের মতো বাবা-মেয়ের ভূমিকায় নয়, বরং পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সুহানা খানকে। আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও অভিষেক বচ্চন।