দীর্ঘদিন অভিনয়ের কাজ নেই বলিউড অভিনেতা শরদ কাপুরের হাতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে কাজের সুযোগ চেয়েছিলেন একসময়ের পরিচিত এই অভিনেতা। তাঁর সেই আকুতিতে সাড়া দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ফোন করে শরদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শরদ জানান, কাজের আবেদন জানিয়ে ভিডিও প্রকাশের পরই তাঁকে ফোন করেন শাহরুখ। অভিনেতার ভাষ্য, শাহরুখ তাঁকে নিজের পছন্দের কাজ করার পরামর্শ দিয়েছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। শিগগিরই শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর।

২০০০ সালে মুক্তি পাওয়া ‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন শরদ। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল। অভিনেতার প্রশংসা করে শরদ বলেন, শাহরুখ অনেক বড় মাপের মানুষ।

কয়েক বছর ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন শরদ। সম্প্রতি তাঁর শারীরিক ও আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্তদের মধ্যে। চার পোষা কুকুরকে অন্যত্র পাঠানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে নিজেই ভিডিও প্রকাশ করে কাজের সুযোগ চান তিনি।

১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শরদের। মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। তবে শাহরুখের সঙ্গে ‘জোশ’ সিনেমায় কাজের পর দর্শকের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন এই অভিনেতা।