এক বছরে সম্পদ কিছুটা কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার শীর্ষ স্থানটি অক্ষুণ্ণ রেখেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর তথ্যানুযায়ী, বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি রুপি। এই তালিকায় শাহরুখের পরপরই স্থান করে নিয়েছেন অমিতাভ বচ্চন, সালমান খান ও হৃতিক রোশন।
প্রতিবেদনে জানা যায়, গত বছরের তুলনায় শাহরুখ ও তাঁর পরিবারের আনুমানিক সম্পদ প্রায় ২০ শতাংশ কমলেও শীর্ষ অবস্থান থেকে তাঁকে সরানো যায়নি। অভিনয় জীবনের পারিশ্রমিকের পাশাপাশি তাঁর প্রযোজনাসংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ ও আইপিএল দল ‘কলকাতা নাইট রাইডার্স’-সহ বিভিন্ন স্পোর্টস ফ্র্যাঞ্চাইজির ব্যবসা তাঁর এই বিশাল সামাজ্যের মূল ভিত্তি। তালিকায় ৪ হাজার কোটি রুপি সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অমিতাভ বচ্চন, আর ৩ হাজার কোটি রুপি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান। এছাড়া ২,৫০০ কোটি রুপির সম্পদ নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন হৃতিক রোশন।
অন্যদিকে, গত বছরের তুলনায় এবারের তালিকায় দেখা গেছে বড় পরিবর্তন। গতবছর দ্বিতীয় স্থানে থাকা জুহি চাওলা ও তাঁর পরিবার এবং ধর্মা প্রোডাকশনসের কর্ণধার করণ জোহর ২০২৬ সালের এই তালিকা থেকে বাদ পড়েছেন। শুধু অভিনয় নয়, প্রযোজনা, ব্র্যান্ড স্পন্সরশিপ এবং খেলার ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের মাধ্যমেই যে বলিউড তারকারা নিজেদের সম্পদের পরিধি বাড়াচ্ছেন, হুরুনের নতুন তালিকাটি তারই স্পষ্ট প্রমাণ দিচ্ছে।