জামদানি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারির খবর প্রকাশের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এই পরিস্থিতিতে তিশার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। একই সঙ্গে ব্যক্তিগতভাবে তার সঙ্গে ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনার কথাও তুলে ধরেছেন তিনি।
প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়িকে ঘিরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সে সময় একটি আইনি নোটিশের মাধ্যমে বিষয়টি সামনে এলেও পরে তা আলোচনার বাইরে চলে যায়। সম্প্রতি আদালতের সমন জারির খবর প্রকাশের পর পুরোনো সেই বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জয় লেখেন, একজন জনপ্রিয় অভিনেত্রীর জন্য এমন পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর। তার মতে, একটি তুলনামূলক ছোট ঘটনার কারণে যে নেতিবাচক ধারণা মানুষের মনে তৈরি হয়, তা অনেক সময় দীর্ঘদিন থেকে যায়।
জয়ের ভাষায়, “সামান্য টাকার একটি শাড়ির জন্য যে ভোগান্তি হচ্ছে, তা হয়তো একসময় শেষ হবে। কিন্তু মানুষের মনে থেকে যাবে এই সেই তানজিন তিশা, যার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল। খুব কম মানুষই মনে রাখবে তিনি একজন দক্ষ অভিনেত্রী।”
সংবাদমাধ্যমের শিরোনাম নিয়েও মন্তব্য করেন জয়। তার মতে, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা যেত, যাতে একজন শিল্পীর সম্মান অক্ষুণ্ন থাকে। তিনি লেখেন, “শিরোনাম যদি এমন হতো‘তুচ্ছ একটি ঘটনায় আদালত পর্যন্ত গড়িয়েছে, নাজেহাল হচ্ছেন তানজিন তিশা’, তাহলে হয়তো শিল্পীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হতো। শিল্পী বাঁচলে শিল্পও বাঁচবে।”
পোস্টের শেষাংশে জয় ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে শুনেছিলেন, তিনি মঞ্চে উঠলে তানজিন তিশা নাকি মঞ্চে উঠতে চাননি। পরে আরেকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তার সম্পর্কে তিশার নেতিবাচক মন্তব্য শুনেছিলেন বলে দাবি করেন। এসব কথা তাকে কষ্ট দিয়েছিল বলেও উল্লেখ করেন জয়।
তবে সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের সেই অভিজ্ঞতা সত্ত্বেও একজন সহশিল্পীর কঠিন সময়ে পাশে দাঁড়ানোই মানবিকতার পরিচয়। তার ভাষায়, “আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু তাই বলে তার এই দুঃসময়ে পাশে থাকব নাএটা তো হতে পারে না।”