ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিন্স সিনেমা ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে নানা প্রযুক্তিগত জটিলতার কারণে সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি ছবিটি। অবশেষে মুক্তির ১০ দিন পর এ নিয়ে মুখ খুললেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, জানালেন দুঃখপ্রকাশ এবং তুলে ধরলেন বাস্তবতা।
মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টে অবস্থিত স্টার সিনেপ্লেক্স এ বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, “গল্পটা শোনার পর মনে হয়েছিল ‘প্রিন্স’ আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেটি পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও জানান, ছবিটির নির্মাণপর্বে নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার শুটিংয়ের সময় ভারতে কাজের অনুমতি না পাওয়া, সেট ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া এসব কারণে সময় নষ্ট হয়েছে অনেক। ফলে ঈদের আগের দিন পর্যন্ত শুটিং চালিয়ে যেতে হয়েছে, যার প্রভাব পড়েছে ছবির মানে।
শাকিব খান বলেন, “আমার ক্যারিয়ারে এই প্রথম কোনো সিনেমার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত করতে হয়েছে। এমনকি তাসনিয়া ফারিণ এর সঙ্গে আইটেম গানের শুটিংও শেষ মুহূর্তে করতে হয়েছে। এসবই হয়েছে সময়ের অভাবে।”
প্রযুক্তিগত সমস্যার কথাও তুলে ধরেন তিনি। জানান, মুক্তির পর প্রথম পাঁচ দিন মাল্টিপ্লেক্সে সিনেমাটি চলেনি, যা বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। “ঈদের পর পাঁচদিন আমরা মাল্টিপ্লেক্সে ঢুকতে পারিনি এটা খুবই কষ্টের,” বলেন এই অভিনেতা।
এ সময় নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে শাকিব খান বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে, সমাজ ও সংস্কৃতি গঠনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত। ইন্ডাস্ট্রির উন্নয়নে প্রয়োজন যথাযথ সহযোগিতা।
অভিনেত্রী তাসনিয়া ফারিণ-ও জানান, সিনেমাটি নিয়ে তাঁর প্রত্যাশা অনেক বেশি ছিল। তবে নানা সীমাবদ্ধতার কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবুও তিনি নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান।
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, নানা জটিলতার কারণে শুরুর দিকে সমস্যায় পড়লেও সিনেপ্লেক্সে মুক্তির পর থেকে ‘প্রিন্স’ ভালো সাড়া পাচ্ছে। দর্শকদের আগ্রহের কথা উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে অনেকে ‘প্রিন্স ২’এর দাবি তুলেছেন, সময় হলে এর ঘোষণা দেওয়া হবে।