নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সচরাচর খুব একটা কথা বলতে দেখা যায় না ঢালিউড মেগাস্টার শাকিব খান-কে। তবে এবার ক্যারিয়ারের শুরুর দিকের এক অজানা ভালোবাসা ও ব্যর্থ সম্পর্কের গল্প নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। জানিয়েছেন, মিডিয়ার বাইরের এক তরুণীকে তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং তাঁকেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন।

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় একটি জনপ্রিয় টেলিভিশন শো-তে অংশ নিয়ে অতীতের সেই পুরোনো স্মৃতি হাতড়ান শাকিব খান। আলাপের একপর্যায়ে গুলশানের সেই তরুণীর প্রসঙ্গ উঠতেই তা না এড়িয়ে অকপটে স্বীকার করে নেন এই নায়ক।

সেই সম্পর্কের স্মৃতি স্মরণ করে শাকিব খান বলেন, "সে পুরোপুরি মিডিয়ার বাইরের একজন মানুষ, গুলশানেরই একটা মেয়ে যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করত। আমি মনে মনে সততার সঙ্গেই তাকে বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা কেন হলো না, এই বিষয়টাই মাঝে মাঝে আমাকে অবাক করে।"

স্মৃতিকাতর হয়ে এই ঢালিউড তারকা আরও যোগ করেন, "সে ভীষণ সুন্দরী ছিল, আমি তাকে মন থেকেই ভালোবেসেছিলাম, সেও আমাকে ভালোবাসতো। ভেবেছিলাম সেখানেই সেটেল্ড হব। তাই এখন মাঝে মাঝে ভাবি কাকে ভালোবাসলাম, কার সাথে থাকতে চাইলাম, আর আমি কোথায় এসে পৌঁছালাম।"

অনুষ্ঠানে উপস্থিত পূর্ণিমাও শাকিবের সেই পুরোনো ভালোবাসার কথা সমর্থন করেন, কারণ তিনি নিজেই সেই তরুণীকে চিনতেন ও দেখেছ্লেন। কথোপকথনের শেষভাগে শাকিব খান আবেগী কণ্ঠে স্বীকার করেন, তিনি এখনো মাঝে মাঝে সেই মানুষটিকে মিস করেন। সেই তরুণীর নাম বা সুনির্দিষ্ট পরিচয় প্রকাশ না করলেও শাকিব খানের এমন অকপট ও আবেগঘন মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।