‘প্রিন্স’ ছবির শুটিং শেষ করে দুই সপ্তাহের বিরতিতে যাচ্ছেন শাকিব খান। বিরতি শেষে শুরু হবে তাঁর ঈদুল আজহার ছবি ‘রকস্টার’-এর কাজ। এই ছবিতে শাকিব খানের বিপরীতে থাকছেন দুজন নায়িকা। প্রধান নায়িকা এখনো চূড়ান্ত না হলেও দ্বিতীয় নায়িকা হিসেবে জোর গুঞ্জন শোনা যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম।
এ বিষয়ে গতকাল রোববার ‘রকস্টার’-এর পরিচালক আজমান রুশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনই কিছু বলতে চান না। তাঁর ভাষায়, “দু–তিন দিনের মধ্যেই আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। চূড়ান্ত হওয়ার আগে এ নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।”
তানজিয়া মিথিলাও বিষয়টি নিয়ে নীরব। তিনি শুধু জানিয়েছেন, সবকিছু নিশ্চিত হলে তবেই সিনেমা নিয়ে কথা বলবেন।
তবে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এরই মধ্যে পরিচালক আজমান রুশোর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন মিথিলা। চরিত্রটি তাঁর পছন্দ হয়েছে বলেও জানা গেছে। ছবির প্রধান নায়িকা হিসেবে বাংলাদেশ অথবা পাকিস্তানের কোনো জনপ্রিয় তারকাকে নেওয়ার চিন্তাভাবনা চলছে। তবে কারও সঙ্গে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না।
সূত্র অনুযায়ী, ‘রকস্টার’-এ শাকিব খানের প্রধান নায়িকার নাম চলতি মাসের শেষ সপ্তাহে ঘোষণা করা হতে পারে। ছবিতে দ্বিতীয় নায়িকার চরিত্রটি গুরুত্বপূর্ণ হলেও শাকিব খানের সঙ্গে কোনো গানে তাঁকে দেখা যাবে না।
ক্যারিয়ার শুরুতে র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন তানজিয়া জামান মিথিলা। পরে অভিনয়ে মনোযোগী হয়ে ছোট পর্দায় নিয়মিত কাজ করেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর ওটিটিতেও তাঁর উপস্থিতি নজরে আসে। ২০২০ সালে ‘রোহিঙ্গা’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি।
কিছুদিন আগে এই প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছিলেন, তিনি এখন বাংলাদেশের সিনেমায় বেশি মনোযোগ দিতে চান এবং শাকিব খানের বিপরীতে অভিনয় করাও তাঁর ইচ্ছার কথা।
সবকিছু ঠিকঠাক থাকলে ‘রকস্টার’ দিয়েই হয়তো সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে তানজিয়া জামান মিথিলার।