পপ তারকা শাকিরার ভক্তদের জন্য এলো বড় সুখবর। প্রথমবারের মতো নিজের একটি লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন আন্তর্জাতিক এই পপ তারকা। অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ কনসার্ট ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও।

মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া শাকিরার এই বিশেষ কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে অ্যামাজন মিউজিক। আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’। এটি শাকিরার চলমান বিশ্বভ্রমণ ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে।

শাকিরার গান ও মঞ্চ পরিবেশনা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। তাঁর লাইভ পারফরম্যান্স দেখতে দীর্ঘদিন ধরেই আগ্রহী ভক্তরা। এবার সেই অভিজ্ঞতা সরাসরি ঘরে বসে উপভোগ করার সুযোগ তৈরি করছে অ্যামাজন মিউজিক।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই লাইভ কনসার্ট দেখতে দর্শকদের কোনো অতিরিক্ত সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি এবং টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলের মাধ্যমে কনসার্টটি বিনামূল্যে দেখা যাবে।

আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটির সরাসরি সম্প্রচার হবে। ফলে বাংলাদেশের শাকিরাভক্তরাও ঘরে বসেই উপভোগ করতে পারবেন পপ তারকার বহুল প্রতীক্ষিত এই লাইভ পারফরম্যান্স।